অবশেষে যশোর শহরের বকুলতলায় অবস্থিত বহুল আলোচিত ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ অপসারণ করে ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ’ নির্মাণের কাজ শুরু হচ্ছে। আগামীকাল সোমবার এই নির্মাণ কাজের উদ্বোধন করা হবে।

রোববার (১৩ জুলাই) সকাল থেকে আগে ভাঙচুর করা ম্যুরাল বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুড়িয়ে দেয়া হয়। আগামীকাল সোমবার (১৪ জুলাই) সকাল ১১টার দিকে নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বি এম কামাল হোসেন জানান, ‘ম্যুরাল ভাঙার পর স্মৃতিসৌধ এলাকায় থাকা প্রাচীর ভেঙে রাস্তার সাথে যুক্ত করা হবে, যাতে ওই অঞ্চলের যানজট নিরসনে সহায়ক ভূমিকা রাখে।’

গণপূর্ত অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, ‘জুলাই শহীদ স্মৃতিসৌধ নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযোদ্ধাবিষয়ক মন্ত্রণালয় ও গৃহায়ন ও গণপূর্ত বিভাগ যৌথভাবে কাজ করছে। এ প্রকল্পের জন্য ১৪ লাখ টাকার বাজেট নির্ধারিত হয়েছে। স্মৃতিসৌধটি ১৮ ফুট এবং প্রস্থ ছয় ফুট উচ্চতা হবে।

তিনি বলেন, ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার মুখে মুখে উচ্চারিত উদ্দীপনামূলক স্লোগানগুলোই এ স্মৃতিসৌধের বিভিন্ন অংশে স্থায়ীভাবে খোদাই করা হবে। এসব স্লোগানের মধ্যে দিয়ে প্রতিফলিত হবে জনগণের প্রতিবাদ, সাহস ও প্রতিরোধের ভাষা, যা ভবিষ্যৎ প্রজন্মকে স্মরণ করিয়ে দেবে আন্দোলনের শক্তি কতটা যুগান্তকারী হতে পারে। স্মৃতিসৌধটির নির্মাণ শেষ হলে এটি যশোরবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতীক হয়ে উঠবে বলেও উল্লেখ করেন তিনি।