ঠাকুরগাঁওয়ে স্বরাষ্ট্রমন্ত্রী, এলজিআরডি মন্ত্রীসহ চার সিনিয়র বিএনপি নেতাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগে বিএনপি নেত্রীর করা মামলায় আব্দুল্লাহ আল মামুন নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ এপ্রিল) ভোর রাতে তাকে বাড়িতে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পীরগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতার আব্দুল্লাহ আল মামুন পীরগঞ্জ উপজেলার এক্তিয়ারপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

এ ঘটনায় তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করেছেন পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা।

পুলিশ জানায়, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসের অশালীন, ব্যঙ্গাত্মক কার্টুন ও আপত্তিকর ছবি ফেসবুকে পোস্ট করেন জামায়াত কর্মী আব্দুল্লাহ আল মামুন।

পীরগঞ্জ উপজেলা মহিলা দলের যুগ্ম আহ্বায়ক নাহিদ পারভীন রিপা পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন। পরে পুলিশ তাকে গ্রেফতার করে।

এ ব্যাপারে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম জানান, সাইবার সুরক্ষা আইনের মামলায় তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

পীরগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির বাবুল আহাম্মেদও জামায়াতকর্মী আব্দুল্লাহ আল মামুনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।