বগুড়ার শাজাহানপুরে ভটভটি উল্টে নূরনবী (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন।

শনিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের জামাদারপুকুর তেলের পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নূরনবী নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের ভদ্রদীঘি গ্রামের আব্দুর রহিমের ছেলে।

স্থানীয়রা জানায়, নূরনবী বাড়ি থেকে ভটভটি চালিয়ে কাজের উদ্দেশে বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে তেল পাম্পের সামনে পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল চন্দ্র তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেন।