সংঘাতের রাজনীতি কখনো মঙ্গল বয়ে আনে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।
বুধবার (২ এপ্রিল) সকালে স্থানীয় ধানসিঁড়ি রিসোর্টে হাতিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে এমন মন্তব্য করেন তিনি।
আবদুল হান্নান মাসউদ বলেন, ‘সংঘাতের রাজনীতি সমাজে বিভেদ, বিদ্বেষ ও অস্থিতিশীলতা সৃষ্টি করে। যা দেশের সার্বিক উন্নয়ন ও শান্তির পথে বাধা হয়ে দাঁড়ায়। বর্তমান সামাজিক ও রাজনৈতিক অবস্থা বিবেচনায় সংঘাত পরিহার করে সকল পক্ষকে পরমতসহিষ্ণু দৃষ্টিভঙ্গী নিয়ে কাজ করতে হবে। সংঘাতের রাজনীতি কখনো মঙ্গল বয়ে আনে না। আমাদের হাতিয়া দ্বীপকে তথা বাংলাদেশকে উন্নয়নের জন্য আমরা সকলে যার যার পর্যায় থেকে কাজ করতে হবে।’
নিজ এলাকায় তিনি রাজনৈতিক প্রতিহিংসার ঘটনা উল্লেখ করে বলেন, ‘গত ২৪ মার্চ হাতিয়ার জাহাজমারা বাজারের আমাদের রাজনৈতিক কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হামলায় ঘটনায় আমাদের ৫৪ জন নেতাকর্মী আহত হয়। আমি সেদিন সংঘাতে জড়ালে পুরো হাতিয়ায় সংঘাত সৃষ্টি হতো। থানায় মামলার প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাস, পরিশুদ্ধ দলীয় রাজনীতি করার চর্চার প্রতিশ্রুতিসহ রাজনৈতিক বিচার-বিশ্লেষণে সংঘাত পরিহার করার বিষয়ে সকলের মতামতটি অধিকতর গুরুত্ব পায়। একজন তরুণ হিসেবে শুরুতে বৃহৎ দলের সাথে মামলা-মোকদ্দমার বিষয়টি উভয়দলের মূল রাজনৈতিক কর্মকাণ্ডকে প্রতিহত করবে বলে প্রতীয়মান হচ্ছে।’
‘স্থানীয় রাজনীতিতে চোর-পুলিশ খেলা উন্নয়ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করবে। সিনিয়র নেতৃবৃন্দের এমন পরামর্শের পরে এ বিষয়ে স্থানীয় বড় দলের রাজনৈতিক ব্যক্তিদের নামে মামলা-মোকদ্দমা দেয়া থেকে আমি নিরুসাহিত হই।’
‘তবে যারা সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে। কারণ সন্ত্রাসীদের কোনো দল নেই। তারা নিজেদের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য রাজনৈতিক দলের আশ্রয় নেয়। তাদের বিষয়ে প্রশাসনসহ সকল রাজনৈতিক ব্যক্তিদের সচেতন থাকতে হবে,’ বলেন হান্নান মাসউদ।
এসময় বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকার প্রতিনিধিসহ হাতিয়ায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।









