সিলেট বিভাগের চার জেলা ও মহানগরীর ১৯টি সংসদীয় আসন থেকে ৪০ হাজার নেতাকর্মী রাজধানীতে জামায়াতের জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। তাদের অনেকেই আজ (শুক্রবার) ঢাকায় পৌঁছেছেন। তবে বেশির ভাগ নেতাকর্মী আজ বিকেল থেকে ঢাকার পথে রওয়ানা হয়েছেন বলে জানা গেছে।

সিলেটের মহানগরী ও বিভিন্ন জেলার দায়িত্বশীলদের সাথে কথা বলে জানা যায়, সড়ক পথ ও রেলপথে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা। এছাড়া কিছু লোক পাবলিক সার্ভিসে গেলেও সড়ক পথে বেশিরভাগই যাচ্ছেন প্রাইভেট গাড়িতে করে। আবার উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অনলাইনে টিকেট কেটে রেলপথে রওনা হয়েছেন।

এদিকে শনিবার সকালে কিছু নেতাকর্মী আকাশ পথে ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন বলেও জানা গেছে।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এহসানুল মাহবুব জুবায়ের নয়া দিগন্তকে জানান, ‘এক সপ্তাহ থেকে অবিরাম প্রচারণা চলেছে সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলজুড়ে। এখন নেতাকর্মীরা রাজধানীর পথে। অন্য জায়গার মতো সিলেটের নেতাকর্মীদেরও ঢল নামবে সমাবেশে।’

সিলেটের বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন নয়া দিগন্তকে বলেন, ‘বিয়ানীবাজার গোলাপগঞ্জ থেকে কয়েক হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন।’

সিলেট মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ ফখরুল ইসলাম নয়া দিগন্তকে জানান, ‘সিলেট মহানগরী থেকে অলরেডি কয়েক হাজার নেতাকর্মী ঢাকার পথে রওয়ানা হয়েছেন। জাতীয় সমাবেশে আড়াই শ’ কিলোমিটার দূরের পথ হলেও সিলেটের নেতাকর্মীদের ঢল নামবে ইনশাআল্লাহ।’

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি ও হবিগঞ্জের নবীগঞ্জ-বাহুবল আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাহজাহান আলী নয়া দিগন্তকে বলেন, ‘আমার এলাকা থেকে নেতাকর্মীরা ঢাকার পথে রওয়ানা হয়েছেন। আমার কাছে সিলেট নগর ও হবিগঞ্জ দুই জায়গার নেতাকর্মীদের ঢাকায় যাওয়ার খোঁজ আছে।’

সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক দুই বারের চেয়ারম্যান এবং সিলেটের সবচেয়ে বড় সংসদীয় আসন জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ আসন থেকে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ জয়নাল আবেদীন জানান, ‘নেতাকর্মীদের নিয়ে ঢাকায় রওয়ানা হয়েছি। এ সমাবেশ জাতীয় রাজনীতিতে আগামী দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।’

মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারি মুহাম্মদ ইয়ামির আলী নয়া দিগন্তকে বলেন, ‘আমিরে জামায়াতের সম্ভাব্য আসন কুলাউড়াসহ জেলার সকল উপজেলা থেকে কমপক্ষে ৫ হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিচ্ছেন।’

সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির মাওলানা তোফায়েল আহমেদ খান জানিয়েছেন, ‘সুনামগঞ্জ জেলা অনেক দুর্গম। তবুও আমাদের কয়েক হাজার নেতাকর্মী জাতীয় সমাবেশে যোগ দিতে যাচ্ছেন।‘