ঢাকা সাভার পৌর এলাকায় স্ত্রীর তালাকনামা পেয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন স্বামী ফেরদৌসুজ্জামান (২৪)।
শুক্রবার (২৭ জুন) সকালে পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ড মালঞ্চ’র মহল্লায় এ ঘটনা ঘটে। মৃত ফেরদৌসুজ্জামান স্থানীয় আব্দুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২২ সালে পরিবারের বিপক্ষে গিয়ে নুপুরকে (২২) বিয়ে করেন ফেরদৌসুজ্জামান। তাদের একটি ছেলে রয়েছে। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ হয়ে আসছিল। কলহের জেরে দীর্ঘদিন ধরে আলাদাভাবে জীবনযাপন করছিলেন তারা। পরে গত দু’দিন আগে ফেরদৌসুজ্জামানের কাছে তালাকনামা পাঠায় নূপুর।
এদিকে তালাকনামা পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েন ফেরদৌস। এছাড়া পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়ে বাবা-মায়ের সাথে ঝগড়া করেন তিনি। পরে অভিমান করে বৃহস্পতিবার রাত থেকে খাওয়া-দাওয়া ও কথা বলা বন্ধ করে দেন তিনি। পরে সকালে সবাই ঘুম থেকে উঠে ফেরদৌসের কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁকা দিয়ে তাকে ঘরের আড়ার সাথে রশি দিয়ে ঝুলতে দেখেন পরিবারের অন্য সদস্যরা। ঘটনায় পুলিশকে খবর দিলে দরজা ভেঙে লাশ উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার এসআই মো: মনিরুজ্জামান নয়া দিগন্তকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত দেয়া হলে ময়নাতদন্ত ছাড়াই লাশটি তাদের কাছে হস্তান্তর করা হয়।









