বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন। কিন্তু সরকার এখনো সবার জন্য সেই ফিল্ড তৈরি করতে পারেনি। অনেক জেলার ডিসি, এসপিরা একটি দলের অ্যাজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছেন। অবিলম্বে এসব কর্মকর্তাদের প্রত্যাহার করতে হবে। সারাদেশের প্রশাসন ঢেলে সাজাতে হবে।’

বুধবার (১৬ জুলাই) বিকেলে বগুড়া-৪ (কাহালু –নন্দীগ্রাম) আসনের দলীয় প্রার্থীর পরিচিতি উপলক্ষ্যে দায়িত্বশীল সমাবেশে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম খান আরো বলেন, ‘জামায়াতে ইসলামী সরকার গঠনের সুযোগ পেলে একটি দুর্নীতি মুক্ত, চাঁদাবাজমুক্ত দেশ উপহার দেবে। গত ৫৪ বছরে যারা দেশ শাসন করেছেন তারা জাতির ভাগ্যের উন্নয়ন করতে ব্যর্থ হয়েছেন। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে যেই নতুন বাংলাদেশের সম্ভাবনা তৈরি হয়েছে। জামায়াতে ইসলামী সেই সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। সেই সাথে আমরা জাতিকে একটি সুখী, সমৃদ্ধশালী, কল্যাণ রাষ্ট্র উপহার দিতে চাই।’

আগামী নির্বাচনে দেশের সকল ইসলামপন্থী দলের একটি বাক্স হবে ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘জোটবদ্ধ নির্বাচনে যাকেই মনোনয়ন দেয়া হবে তার জন্য জীবনবাজি রেখে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে।’

বগুড়া শহরের কলোনীস্থ শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে আয়োজিত সমাবেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজকে দলীয় নেতাকর্মীদের সাথে পরিচয় করিয়ে দেন রফিকুল ইসলাম খান।

বগুড়া-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা আব্দুল মমিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চলের টিম সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহিম ও অধ্যাপক মাওলানা নজরুল ইসলাম।

এছাড়া বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সাবেক আমির অধ্যাপক নাজিম উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ইতোপূর্বে ঘোষিত জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তায়েব আলী মৃত্যুবরণ করায় সাবেক ছাত্রনেতা ড. মোস্তফা ফয়সাল পারভেজকে নতুন করে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামায়াত।