ইসরাইলিরা শুধু মাত্র ফিলিস্তিনের অবকাঠামো ধ্বংস করছে না, সেখানকার মানবজাতিকেও চিরতরে শেষ করে দিচ্ছে। এতে করে ফিলিস্তিনিরা যেন ওখানে না থাকে এবং ইসরাইলরা ওটা ভোগ করতে পারে এবং মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে পারে। জেরুসালেম সবার জন্য পবিত্র স্থান ছিলো। আমেরিকা সরকার পরিবর্তন হওয়ার পর ফিলিস্তিনিদের প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ট্রাম্প আসার পরই মুসলমানদের প্রতি অত্যাচারের মাত্রা বেড়ে যায়। ওআইসির ওই অঞ্চলের মুসলমানদের ঐক্যবদ্ধ করতে যে দায়িত্ব পালন করার কথা ছিলো তারা সেই দায়িত্ব পালন করতে পারে নাই।'

ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের অব্যাহত বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞের প্রতিবাদ এবং গাজার জনগণের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হয় সকলে। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

মিছিলে 'নারায়ে তাকবির, আল্লাহু আকবার'; 'ফ্রি ফ্রি প্যালেস্টাইন'; 'দুনিয়ায় মুসলিম, এক হও লড়াই করো'; 'বদরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার'; 'ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব দে'; 'ফিলিস্তিনে গণহত্যা, বন্ধ করো করতে হবে'; 'বিশ্ব মুসলিম ঐক্য করো, ফিলিস্তিন মুক্ত করো' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সমাবেশে ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, "ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করতে হবে। একই সাথে ইসরাইলের পণ্য বয়কট করতে হবে। তাদের চরিত্র বিভিন্ন মাধ্যমে তুলে ধরতে হবে যাতে আন্তর্জাতিক মহল যেন চূড়ান্ত পদক্ষেপ নেয় এবং আমাদের ফিলিস্তিনিরা যেন এখান থেকে মুক্তি পেতে পারে।"

বিক্ষোভ সমাবেশ শেষে ফিলিস্তিনের মুসলমানদের প্রতি দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম।