আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে আগুনসন্ত্রাসে জড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

তিনি বলেন, ‘কড়াইল বস্তিসহ দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের নেপথ্যে কারা রয়েছে তা নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। জনগণ মনে করে—এসব ঘটনায় আওয়ামী সন্ত্রাসীদের সম্পৃক্ততা থাকতে পারে।’

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর ছনবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদকে স্পষ্টভাবে বলে দিতে চাই যে, দেশের মানুষ এখন নির্বাচনমুখী। কোনো সন্ত্রাস, নাশকতা বা অরাজকতা ছড়িয়ে নির্বাচন ব্যাহত করতে দেয়া হবে না। জনগণ ভোটের মাধ্যমে তাদের জবাব দেবে।‘

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সদস্য মোমিন আলী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন। এ সময় আরো উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, শ্রীনগর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন খান খোকন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম ও মাসুদ রানা, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ ও সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি প্রমুখ।