নগরকান্দা (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুরের নগরকান্দায় অবৈধভাবে পরিচালিত একটি কেক তৈরির কারখানায় অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনগ্রাম বাজারে একটি সাইনবোর্ডবিহীন কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, সহকারী কমিশনার ভূমি আফরোজা হক তানিয়ার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারখানাটিতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটির কোনো বৈধ লাইসেন্স ছিল না। লাইসেন্স ছাড়াই উৎপাদন কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল। এছাড়া মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্যদ্রব্য ব্যবহার, অনুমোদনহীন রং প্রয়োগ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের বিষয়টি অভিযানে ধরা পড়ে।
সূত্র জানায়, এসব অপরাধে কারখানাটিকে নিরাপদ খাদ্য আইন-২০১৩ অনুযায়ী কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করে সরকারি কোষাগারে জমা দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া বলেন, ‘জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খাদ্য উৎপাদনে যে কোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।’









