‘আওয়ামী লীগের রাজনীতি, খুনিদের রাজনীতি এ বাংলাদেশে কখনো হবে না, কখনো করতে পারবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমান উল্লাহ আমান।
শুক্রবার (৩০ মে) বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সাভারের ভার্কুতা, তেঁতুলঝোড়া, ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় আমান উল্লাহ আমান বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশ। ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা একদিন আগেও বলেছিল,আওয়ামী লীগ পালায় না। একদিন পরেই তিনি তার গোষ্ঠীসহ পালাতে বাধ্য হয়েছে।’
তিনি আরো বলেন, ‘বিএনপি আগামীতে রাষ্ট্রক্ষমতায় এলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।’
দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকারের অধীনে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আমান উল্লাহ আমান বলেন, ‘বিএনপি কখনো চাঁদাবাজ, সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দেয় না। আমরা একটি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর।’
অনুষ্ঠানে সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিন, ঢাকা জেলা ছাত্রদলের সাবেক নেতা রেজাউল করিম জুয়েল, বিএনপি নেতা মোক্তার হোসেনসহ সাভারের বিভিন্ন ইউনিয়ন,ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।









