ময়মনসিংহ নগরীর মাসকান্দা আন্তঃজেলা বাস টার্মিনালের ইউনাইটেড বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের ছয় ঘণ্টা পর জেলার সব রু‌টে বাস চলাচল শুরু হ‌য়ে‌ছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে পরিবহন নেতাদের সাথে জেলা প্রশাসকের কার্যালয়ে বৈঠকের পর রাত ৯টার দিকে ময়মনসিংহ থেকে সকল রুটে বাস চলাচল শুরু হয়। ভাংচুরের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরাকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে দুপুরে নগরীর ঢাকা বাসস্ট্যান্ডের কাউন্টার ভাঙচুর ও লুটপাট করে দুর্বৃত্তরা। এতে দেড় শতাধিক দুর্বৃত্ত অংশ নেয় বলে জানা গেছে।

ঘটনার পর বি‌কেল ৪টা থেকে মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী ইউনাইটেড ও সৌখিন পরিবহনসহ বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের সব রুটে (শেরপুর, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গ ও সিলেট অঞ্চল) বাস চলাচল বন্ধ হ‌য়ে যায়। এতে চরম ভোগান্তিতে পড়েছেন দূরদূরান্তের যাত্রীরা।

জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে অর্ধশতাধিক যুবক হঠাৎ ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালিয়ে কাউন্টার বন্ধ করে দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ড পুরো এলাকায়।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, গত ৫ আগস্টের আগে যারা বাসস্ট্যান্ড নিয়ন্ত্রণ করত এখনো তারা করছে এমন অভিযোগে অজ্ঞাত ব্যক্তিরা ভাঙচুর করেছে। যার কারণে বাস চলাচল বন্ধ ছি‌লো। বৈঠক শে‌ষে রাত ৯টা থে‌কে সব রু‌টে বাসচলাচল শুরু হ‌য়ে‌ছে।