মানিকগঞ্জে এযাবতকালের মধ্যে সবচেয়ে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে বাংলা নববর্ষ বরণের বিভিন্ন অনুষ্ঠানমালা। ভোরের আলো ফুটতেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে পুরো জেলায়।

সকাল ৭টা থেকেই জেলা শহরের বেউথা থেকে সরকারি উচ্চ বিদ্যালয় (বিজয় মেলা) মাঠ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ দৌড় প্রতিযোগিতার প্রস্তুতি চলে। সকাল ৮টায় জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা আনন্দ দৌড় উদ্বোধন করেন। নারী-পুরুষ, শিশু, ছাত্র-ছাত্রী, মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ দৌড়ে অংশ নেন।

সকাল ৯টায় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা ও পুলিশ সুপার মোসা: ইয়াসমিন খাতুনের নেতৃত্ব শহরে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপলক্ষে মানিকগঞ্জে প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালা চালিয়ে যাচ্ছে।

জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভার বিভিন্ন স্থানে গ্রামীণ মেলা, লাঠি খেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী মেলাসহ বাংলার ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

কলেজ শিক্ষিকা রেবেকা সুলতানা বলেন, ‘জীবনে অনেক বৈশাখ পার করেছি কিন্তু এবারই মনে হচ্ছে নতুন কিছু। সবার মধ্যেই কেমন যেন একটা নতুন আমেজ। এবারই মনে হচ্ছে এ অনুষ্ঠানগুলো আমাদের, নিজেদের। হৃদয়ে কোথায় যেন বাড়তি আনন্দ অনুভব করছি। এবারের পরিবেশে মনে হচ্ছে এটাই আমাদের সংস্কৃতি। কারো ধার করা কিছু আমরা আনি নাই। মুক্ত একটা পরিবেশে আনন্দের বর্ষবরণ হচ্ছে।’

কলেজছাত্র হাসান বলেন, ‘৫ আগস্ট বিপ্লবের পর ঈদ, আজকের নববর্ষ- সবই বাড়তি আনন্দের দোলা দিচ্ছে। আসলে কারো চাপিয়ে দেয়া কিছুই ভালো লাগে না। আমরা আমাদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য পালন করবো আর এবার সেটাই পারছি। তাই হয়তো এত ভালো লাগছে।’

সাংবাদিক সাইফুল্লাহ বলেন, ‘আসলে এবারের এতো উৎসবের মূল হচ্ছে, মানুষ স্বাধীনভাবে মনের আনন্দে সব কাজ করতে পারছে।’