নিখোঁজের দুই দিন পর মিলিটারি ফার্মের ভেতরের পুকুর থেকে সাভার মিলিটারি ফার্মের অবসরপ্রাপ্ত কর্মচারী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের (৭৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন ঢাকা-আরিচা মহাসড়কের রেডিও কলোনি এলাকার ইউটার্নে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে আরেক ব্যক্তির (৬৫) লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ মে) দুপুরে লাশ দু’টি উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
মিলিটারি ফার্ম ও থানা পুলিশ সূত্রে জানা যায়, ফার্ম লেবার কালটিভিশন (কৃষি) পদে চাকরি করতেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক। একই পদে থাকাবস্থায় মিলিটারি ফার্ম থেকে ২০১৮ সালের ১৫ জুলাই অবসর নেন তিনি। পরিবার নিয়ে সাভারে চাঁপাইন এলাকার তালতলায় বসবাস করতেন। এদিকে চলতি বছরের জানুয়ারিতে তার স্ত্রী মারা গেলে মানসিকভাবে ভেঙে পড়েন তিনি।
গত দু’দিন আগে ১০ মে শ্বশুর বাড়িতে যাওয়ার কথা বলে দুপুর সাড়ে ১২টার দিকে বাসা থেকে বের হন আব্দুল খালেক। তারপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাকে না পেয়ে ১১ মে সাভার মডেল থানায় একটি সাধারণ ডায়রি করা হয়। পরে সোমবার দুপুরে মিলিটারি ফার্মের ভেতরে পুকুরে মাছের খাবার দিতে গেলে তার লাশ পড়ে থাকতে দেখে মিলিটারি ফার্মের স্টাফরা। থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।
অন্যদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের রেডিও কলোনি সংলগ্ন ইউটার্ন সংলগ্ন বাংলাদেশ বেতার কেন্দ্রের দেয়ালের পাশ থেকে ৬৫ বছর বয়সের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তার পরিচয় জানা যায়নি।
সাভার মডেল থানার (এসআই) মো: ইমরান হোসেন জানান, লাশ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে পাঠানো হয়েছে।









