রংপুরে দাদন কারবারি সিরাজুল হত্যা মামলায় ফরিদ মিয়া নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে যাবজ্জীবন করাদণ্ড দিয়েছে আদালত।

রোববার (৩১ আগস্ট) দুপুরে রংপুর সিনিয়র দায়রা জজ আদালেতের বিচারক ফজলে খোদা এই আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম জানান, ২০১৭ সালের ১৭ ডিসেম্বর কাউনিয়া উপজেলার সারাই এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ফরিদ মিয়ার হাতে খুন হন দাদন কারবারি সিরাজুল ইসলাম। সুদের টাকার ৭০ হাজার টাকা লেনদেন নিয়ে সিরাজুলকে ডেকে নিয়ে হত্যা করে রান্নাঘরের মাটির নিচে পুঁতে রাখার অভিযোগে সিরাজুলের স্ত্রী মবিনা বেগম বাদি হয়ে মামলা করেন কাউনিয়া থানায়। এ ঘটনায় ফরিদ ও তার স্ত্রী মিষ্টির বিরুদ্ধে পুলিশ চার্জশিট দেয়। ১৭ জনের সাক্ষ্য গ্রহণ, জেরা শেষে জেলা ও দায়রা জজ আদালত এই রায় দেন। রায়ে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ছাড়াও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাস ও পাঁচ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডাদেশ দেন। মামলায় ফরিদের স্ত্রী মিষ্টি বেগমের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেয় আদালত।

রায় দেয়ার সময় স্বামী ও স্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।

মামলার রাষ্ট্রপক্ষের পিপি আফতাব উদ্দিন জানান, ‘অভিযোগ সন্দেহাতীতভাবে আমরা প্রমাণ করেছি। সেকারণে এই রায় হয়েছে। রায়ে আমরা সন্তুষ্ট। যেহেতু আসামি গ্রেফতার আছে। সেকারণে রায় বাস্তবায়ন শুরু হোক।’

আসামিপক্ষের আইনজীবী শাহেদ কামাল ইবনে খতিব বলেন, ‘আমরা উচ্চ আদালতে আপিল করবো। কারণ রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।’