‎‎‎আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা

ঢাকার আশুলিয়ায় বন্ধুদের সাথে বিলে গোসলে নেমে নিখোঁজের প্রায় সাড়ে চার ঘণ্টা পর নাহিদ (১৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

‎

‎শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টার দিকে আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের ডগরতলী ইটভাটা সংলগ্ন ধলাই বিলে এ ঘটনা ঘটে।

‎

‎নিহত নাহিদ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ কবরস্থান রোড এলাকার আমিন মডেল টাউনের বাসিন্দা সাহজাহান মিয়ার ছেলে।

‎

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে নাহিদ কয়েকজন বন্ধুর সাথে ডগরতলী এলাকার ধলাই বিলে গোসল করতে যান। গোসলের একপর্যায়ে তিনি পানির স্রোতে ভেসে বিলের গভীর অংশে চলে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে স্থানীয় লোকজন, আশুলিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বিল থেকে নাহিদের লাশ উদ্ধার করা হয়।

‎

‎আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মেরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ারসার্ভিস ও স্থানীয়দের সহায়তায় নাহিদের লাশ উদ্ধার করা হয়। পরে লাশটি থানায় নিয়ে আসা হয়। নিহতের পরিবারের পক্ষ থেকে আবেদনের প্রেক্ষিতে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।