চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ, যৌন উত্তেজক সিরাপ, ভায়াগ্রা ট্যাবলেট ও অবৈধ ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)।

সোমবার (৩ আগস্ট) ভোররাতে নিমতলা বিওপির হাবিলদার মো: জিয়াউর রহমানের নেতৃত্বে ঈশ্বরচন্দ্রপুর গ্রামের একটি মরিচ বাগানে অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, নিয়মিত মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মহেশপুর ব্যাটালিয়নের অধীনে বিভিন্ন সীমান্তে অভিযানগুলো পরিচালিত হয়। সেখানে পরিত্যক্ত অবস্থায় ২৪ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপ ও ৩৫২ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া, সকালে মেদিনীপুর বিওপির হাবিলদার মো: কাউসার হোসেনের নেতৃত্বে অন্য এক অভিযানে মেদিনীপুর গ্রামের একটি আম বাগান থেকে ৭২ বোতল ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ দুটি বাইসাইকেল জব্দ করে বিজিবি।

এর আগে, রোববার (২ আগস্ট) রাতে নতুনপাড়া বিওপির আওতাধীন সীমান্ত পিলার ৬৬/৩-এস এলাকায় অভিযান চালায় বিজিবির আরেকটি টহল দল। হাবিলদার মো: পারকার সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে পরিত্যক্ত অবস্থায় এক হাজার ৯৫০ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক বিজ্ঞপ্তিতে জানান, সীমান্তে যেকোনো ধরনের মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।