সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সহকারী হাসিনুর ইসলাম সজলকে (৩০) গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৩ জুন) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ রকিবুল হাসান ইবনে রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
হাসিনুর ইসলাম সজল রাজশাহী নগরীর শাহমখদুম থানার দক্ষিণ নওদাপাড়া মহল্লার সাইনুদ্দীন সান্টুর ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।
রোববার (২২ জুন) দিবাগত রাতে শাহমখদুম থানা পুলিশের হাতে গ্রেফতার হন তিনি।
সূত্র জানায়, সজল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ার আগে থেকেই শাহরিয়ার আলমের সাথে থাকতেন। প্রথমে শুধু তার ব্যক্তিগত ব্যবসা দেখাশোনা করলেও পরবর্তী সময়ে সবকিছুরই দেখভালের দায়িত্ব পান। নিয়োগ ও বদলি-বাণিজ্য এবং তদবিরের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন তিনি।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেফতার সজলের বিরুদ্ধে এরই মধ্যে আইনিব্যবস্থা নেয়া হয়েছে।









