বরিশালের গৌরনদীতে আগুন লেগে এক পরিবারের শেষ সম্বল হারিয়েছে। শুক্রবার (২৬ জুলাই) উপজেলার ধানডোবা বাজারে দিবাগত রাতে ভয়াবহ আগুন লেগে একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।

আগুনে দোকানের মূল্যবান মালামালের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ ও কয়েকটি গ্যাস সিলিন্ডার পুড়ে যায়। এতে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দোকানমালিক আল আমিন হাওলাদার।

ভুক্তভোগী দোকান মালিক আল আমিন হাওলাদার বলেন, তার বাবা চুন্নু হাওলাদার রাতের খাবার খেয়ে দোকানঘরেই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে পোড়া গন্ধে তার ঘুম ভেঙে যায়। ঘুমচোখে তাকিয়ে দেখেন পায়ের কাছেই আগুন জ্বলছে। তিনি জীবন বাঁচাতে দ্রুততম সময়ে দোকান থেকে বেরিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই দোকানের ভেতরে রাখা একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন আরো ভয়াবহ রূপ ধারণ করে।

আল আমিন জানান, দোকানে নিত্যপ্রয়োজনীয় মুদি মালামালের পাশাপাশি একটি মোটরসাইকেল, একটি ফ্রিজ, কয়েকটি গ্যাস সিলিন্ডারসহ মূল্যবান সামগ্রী পুড়ে গেছে। এ সময় স্থানীয়রা গৌরনদী ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার বিপুল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুততম সময়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।