দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারসহ কোনো সরকারকেই নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
বৃহস্পতিবার (১ মে) সন্ধ্যায় আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এসময় নুরুল হক নুর রাখাইনের জন্য করিডোর দেয়া প্রসঙ্গে বলেন, ‘কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে, সরকারকে ওইখানেই ফুলস্টপ দেয়ার আহ্বান জানিয়ে আর এক পা’ও না আগাতে বলেন।’
অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন-ভালোবাসা থাকলেও সরকার যা ইচ্ছে তাই করবে তা মেনে নেয়া হবে না বলেও জানান তিনি।
বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে শ্রমিক সমাবেশে প্রধান বক্তা ছিলেন গণঅধিকার পরিষদের আইন বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ, বিশেষ অতিথি ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: রাশেদ খানসহ বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।









