বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাই করতে হবে। স্থানীয় নির্বাচন হলে জনগণ ফ্যাসিবাদমুক্ত স্থানীয় প্রতিনিধি নির্বাচিত করতে পারবে।’

শুক্রবার (১৬ মে) বগুড়া শহরের শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের রুকন (সদস্য) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বগুড়া অঞ্চলের টিম সদস্য কেন্দ্রীয় নেতা অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, জয়পুরহাট জেলা আমির ডা: ফজলুর রহমান, জেলা নায়েবে আমির অধ্যাপক মুনসী আব্দুল বাসেত প্রমুখ।

মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘ফ্যাসিবাদের দোসররা এখনো দেশ ও দেশের বাইরে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।’

তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য আমাদের মানবিক বাংলাদেশ গড়ে তুলতে প্রেরণা যোগাবে। যারা জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করতে চেয়েছিলো মহান আল্লাহ তাদের রাজনীতি নিষিদ্ধ করে দিয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকার সাড়ে ১৫ বছর দেশে গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে।’

এসময় তিনি জামায়াতে ইসলামীর নেতা এ টি এম আজহারুল ইসলামের মুক্তির জোর দাবি জানান।