ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চরনারায়নপুরে তিন বছরেই আশ্রয়ণ প্রকল্পের ৭৭টি ঘর ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। এতে আশ্রয়ণ প্রকল্পের ঘর ছেড়ে চলে গেছে ১৮টি পরিবার। তিন বছর আগে তৈরি করা ঘরগুলোতে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারসহ রক্ষণাবেক্ষণ ও পানি নিষ্কাশনের অভাবে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় মোগড়া ইউনিয়ন ভূমি অফিস জানায়, আশ্রয়ণ প্রকল্পের আওতায় আখাউড়া চরনারায়নপুর গ্রামে গৃহহীন ও বাস্তুচ্যুত মানুষের জন্য ৭৭টি ঘর নির্মাণ করা হয়। উদ্বোধন হয় ২১ জুলাই ২০২২ সালে।
গত শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টার দিকে সরজমিন আশ্রয়ণ প্রকল্পে গিয়ে দেখা গেছে, ১৮টি ঘরে তালা ঝুলছে। এ সময় প্রকল্পের বাসিন্দা ফাতেমা বেগম জানান, ব্যবহার অনুপযোগী হওয়ায় ১৮টি ঘরে কেউ থাকে না এই ঘরে তবে কয়েকজন মাঝে মধ্যে আসা যাওয়া করে।
এখানের বাসিন্দা কাজল মিয়া (৫৫) জানান, পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলেই ঘরের ভিতরে পানি ঢুকে পড়ে। এতে ঘরের ভিতরের দেয়াল ও ফ্লোর ভেঙে ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। নিজেরা মেরামত করে অনেক কষ্টে থাকতে হচ্ছে।
নুরু মিয়া (৭০) জানান, এখানকার পাকা সড়ক থেকে কমপক্ষে চার ফুট নিচে ঘরগুলো নির্মাণ করায় বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হয়। বর্ষায় ভয়াবহ পরিস্থিতি নেমে আসে। টয়লেট ব্যবহার করা যায় না।
স্থানীয়রা জানায়, এই প্রকল্পের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। কাজের অনিয়মের কারণে তখনকার ইউএনও রুমানা আক্তার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: ফয়সল উদ্দিন জানান, ‘যারা ঘরে থাকছে না তাদের বরাদ্দ বাতিল করে নতুন পরিবার দেয়া হচ্ছে। সরজমিন তদন্ত করে ঘরগুলো সংস্কারের ব্যবস্থা নেয়া হবে।





