‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার করতে হবে’ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘গত সাড়ে ১৫ বছরে এদেশের জনগণের ওপর জুলুম নির্যাতন করে যারা ফ্যাসিবাদী শাসনব্যবস্থা কায়েম করেছিল আগামী নির্বাচনের আগেই তাদের বিচার কাজ সম্পন্ন করতে হবে।’
শুক্রবার (১৮ এপ্রিল) শহরের কলোনীস্থ শাহ ওয়ালিউল্লাহ মিলনায়তনে বগুড়া জেলা জামায়াতের উদ্যোগে বগুড়া-৭ আসনের (শাজাহানপুর ও গাবতলী উপজেলা) সদস্যদের (রুকন) এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘আওয়ামী লীগ অন্যায়ভাবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করেছিল সেটা ফিরত দিতে হবে এবং এ টি এম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে ‘
তিনি বলেন, ‘এদেশের হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সেগুলো ফেরত আনতে হবে। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।’
প্রধান অতিথি আরো বলেন, ‘জনগণের ভাগ্য পরিবর্তন করতে হলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজ, দূর্নীতিবাজদের নেতৃত্ব নির্মূল করে সৎ লোকের শাসন কায়েম করতে হবে। যারা ফ্যাসিবাদের শাসনব্যবস্থা কায়েম করেছিল তারা দেশে আর ফিরে আসতে পারবে না। দেশের সাধারণ জনগণ এখন জামায়াতকে ক্ষমতায় দেখতে চায়। সে জন্য সংগঠনের সকল জনশক্তিকে দল, সমাজ ও দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করতে হবে।’
জেলা নায়েবে আমির মাওলানা মো: আব্দুল হাকিম সরকারের সভাপতিত্বে ও শাজাহানপুর উপজেলা সেক্রেটারি মাওলানা মো: শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বগুড়া-৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মো: গোলাম রব্বানী, বগুড়া জেলা আমির অধ্যক্ষ মাওলানা মো: আব্দুল হক সরকার, জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল বাছেদ, জেলা সেক্রেটারি মাওলানা মানছুরুর রহমান, শাজাহানপুর উপজেলা আমির মাওলানা মো: আব্দুর রহমান।









