নদীবেষ্টিত মুন্সীগঞ্জ জেলায় পৃথক তিনটি নদী থেকে একই দিনে নিখোঁজ এক শিশু, সাংবাদিক ও অজ্ঞাত পরিচয় একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস।

শুক্রবার (২২ আগস্ট) দিনের বিভিন্ন সময়ে লাশগুলো উদ্ধার করা হয়।

ইছামতীতে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার- বেলা সাড়ে ১২টার দিকে সিরাজদিখান উপজেলার তেঘরিয়া এলাকায় ইছামতী নদী থেকে রিফাত সুজন (১৩) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। আগের দিন বৃহস্পতিবার নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলারে উঠার সময় নদীতে পড়ে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালিয়ে তার লাশ উদ্ধার করে।

মেঘনায় সাংবাদিক বিভুরঞ্জন সরকারের লাশ- দুপুর দেড়টার দিকে গজারিয়া উপজেলার চর বলাকী এলাকায় মেঘনা নদীতে ভাসমান অবস্থায় সিনিয়র সাংবাদিক ও লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ উদ্ধার করে কলাগাছিয়া নৌপুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন।

ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় অজ্ঞাত যুবকের লাশ: এদিন বেলা ৩টার দিকে মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট সংলগ্ন শাহ সিমেন্ট কারখানার পেছনে ধলেশ্বরী ও শীতলক্ষ্যা নদীর মোহনা থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবকের (বয়স আনুমানিক ৩৫-৪০) লাশ উদ্ধার করে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ি।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নৌপুলিশের নারায়ণগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, ‘পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’