রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিবাদীদের বিচার করতে হবে মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন বলেছেন, ‘দেশ-জাতির মুক্তি ও ইনসাফের সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী আপোষহীনভাবে কাজ করে যাচ্ছে। জনগণ আমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠালে আমরা গণমুখী শিক্ষা প্রবর্তনের সাথে সাথে আদর্শিক, নৈতিক ও ইসলামী মূল্যবোধভিত্তিক এবং কর্মমুখী শিক্ষা চালু করব। ধর্মীয় মূল্যবোধের সাথে সাথে কারিগরি, বিজ্ঞান ও প্রযুক্তিকে পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হবে। যাতে আমাদের গৃহীত শিক্ষা দেশে যোগ্যতর ও বিশ্ব মানের নাগরিক তৈরিতে সহায়ক হয়।’
তিনি বলেন, ‘সুখী, সমৃদ্ধ ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন প্রজন্মকে যোগ্যতর হিসাবে গড়ে তুলতে অভিভাবকদের কার্যকর ভূমিকা পালনের করতে হবে।’
সোমবার (২১ এপ্রিল) সকালে রাজধানীতে শেরেবাংলা নগর থানা উত্তর জামায়াত আয়োজিত গণভবন উচ্চ বিদ্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী উত্তরের মজলিসে শূরা সদস্য ও শেরেবাংলা নগর থানা উত্তরের আমির মো: আব্দুল আউয়াল আজম, নায়েবে আমির শাহ আজিজুর রহমান তরুণ, থানা কর্মপরিষদ সদস্য হাফেজ মো: শাহজাহান ও জামায়াত নেতা মো: সাইফুল আলম মাস্টার প্রমুখ।
মোবারক হোসাইন বলেন, ‘আমরা দেশ থেকে বেকারত্ব দূর ও কর্মসংস্থান সৃষ্টিতে বেশি বেশি কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করব। বিদেশে মেধা পাচাররোধে যোগ্য ও মেধাবীদের দেশে যথাযথ মর্যাদায় দেশেই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। আমরা এমন এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই যেখানে নাগরিকদের সকল সমস্যার সমাধান এবং মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। মানুষে মানুষে কোনো বৈষম্য থাকবে না। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। তিনি সে স্বপ্নের সমাজ প্রতিষ্ঠায় সকলকে জামায়াতের পতাকাতলে ঐক্যবদ্ধ আপোষহীন সংগ্রামে যুক্ত হওয়ার আহ্বান জানান।
মিরপুর দক্ষিণ থানা জামায়াতের মাসিক রোকন বৈঠক
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মিরপুর দক্ষিণ থানার শাখার মাসিক রোকন বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এ সময় থানা আমির অ্যাডভোকেট আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব মো: রাকিবুল ইসলামের পরিচালনায় ওই বৈঠকে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। বৈঠকে মহাগ্রন্থ আল কোরআন থেকে দারসুল কোরআন পেশ করেন ড. আব্দুল কুদ্দুস।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মিরপুর দক্ষিণ শাখার অফিস সম্পাদক রবিউল ইসলাম, থানা থানা প্রচার ও মিডিয়া সম্পাদক শাহাবুল আলম থানা তারবিয়াত ও যুব সম্পাদক আমির হোসেন বাবলু, থানা সমাজসেবা সম্পাদক তরিকুল ইসলাম, থানা ওলামা সম্পাদক তাফাজ্জল হোসেন খান, থানা প্রকাশনা ও পাঠাগার সম্পাদক সাদ বিন জাফর প্রমুখ বক্তব্য দেন।





