নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় নদী ভাঙন রোধে দ্রুত ক্রসড্যাম নির্মাণ, বামনী খালের ওপর নির্মিত স্লুইচগেট খুলে দেয়া, নদীতে ব্লক স্থাপনের দাবিতে পদযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১১ জুন) দুপুরে উপজেলার চরএলাহী বাজারের কাছে নদী ভাঙন কবলিত এলাকায় ওই পদযাত্রা অনুষ্ঠিত হয়।

জানা গেছে, পদযাত্রা উপলক্ষে সকাল থেকে জামায়াতে ইসলামীর কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিট থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা চরএলাহী বাজারে সমবেত হতে থাকেন। বেলা ১২টার দিকে তারা চরএলাহী বাজার থেকে নদী ভাঙন এলাকার উদ্দেশে পদযাত্রা শুরু করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৫ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মো: বেলায়েত হোসেন। পরে জামায়াত নেতাকর্মীরা পুনরায় পদযাত্রা নিয়ে চরএলাহী ঘাট এলাকায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন বলেন, ‘দীর্ঘদিন ধরে চর এলাহী চরহাজারী ও মুছাপুর এলাকার বাসিন্দারা বামনী নদী ও ছোট ফেনী নদীর ভাঙনের কবলে পড়ে সর্বশান্ত। এরই মধ্যে বামনী নদীর ভাঙনে চরএলাহী ইউনিয়নের প্রায় ১০ হাজার পরিবার গৃহহীন হয়েছে। ২৫ হাজার একরের বেশি ফসলের জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদীর ভাঙনের তীব্রতা প্রতিনিয়ত বাড়ছে। জামায়াতে ইসলামের পক্ষ থেকে এরই মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সাথে সাক্ষাৎ করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। কিন্তু অদ্যবধি সরকারের পক্ষ থেকে নদী ভাঙন রোধে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।’

এ সময় জামায়াত নেতা বেলায়েত হোসেন নদী ভাঙন রোধে অবিলম্বে ক্রসডেম নির্মাণ, বামনী খালে নির্মিত স্লুইচগেট খুলে দেয়া এবং নদী ভাঙন স্থায়ীভাবে বন্ধ করতে নদীর তীরে ব্লক স্থাপনের জন্য সরকারের নিকট দাবি জানান।

উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও চরএলাহী ইউনিয়ন জামায়াতের আমির আইউব আলীর সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মিজানুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মহিউদ্দিন, জামায়াতের নেতা জিয়াউল হক জিয়া, চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী হানিফ আনসারী প্রমূখ।