অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া মুন্সীর দিঘীর কোণ ইয়াছিনের পাড়া ব্রিজের পাশে মো: আলমগীর(৪০) নামে এক মাছ ব্যবসায়ীকে মারধর করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৯ মে) বিকেলে এ ঘটনাটি ঘটেছে বলে নিশ্চিত করছেন স্থানীয় ইউপি সদস্য আমানুল হক আমান মেম্বার এবং তাকে মারধরের খবর পেয়ে হাসপাতালে দেখতে যান।
আহত আলমগীর উত্তর পদুয়া বটখিল্লা পাড়ার মরহুম আমিরুজ্জামানের ছেলে এবং এলাকার সর্দারের দায়িত্ব পালন করেন তিনি।
ঘটনার পর পরই আহত আলমগীরকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
আলমগীর জানান, বিগত কিছুদিন আগে এলাকায় বিভিন্ন অসামাজিক কার্যকলাপ থেকে যাতে বিরত থাকে সেজন্য জনসচেতনা সৃষ্টির লক্ষ্যে কথা বলি। প্রতিবাদ করে আসছি। আজকে বিকেলে হঠাৎ অতর্কিতভাবে আমার ওপর হামলা করেছে। আমাকে একা পেয়ে হামলা চালায়। যারা যারা হামলা করেছে তারা বিগত স্বৈরাচারী সরকারের দোসর। আমি সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের জোর দাবি জানাচ্ছি।
খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্মে তাকে দেখতে যান লোহাগাড়া উপজেলা জামায়াত সেক্রেটারি মাওলানা আবুল কালাম।
এসময় তিনি বলেন, ‘আহত আলমগীর একজন জামায়াত কর্মী। তাকে আওয়ামী লীগের দোসরেরা মারধর করে রক্তাক্ত করেছে। এ ঘটনায় জড়িতদেরকে আইনের আওতায় এনে কঠোরভাবে শাস্তির দাবি জানাচ্ছি।’
স্থানীয় এলাকার বাসিন্দারা বলেন, ‘আলমগীর একজন শান্ত মানুষ ও সফল ব্যবসায়ী। তাকে অতর্কিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর বিচার চাই। আমরা এ ঘটনায় থানা প্রশাসনকে জানিয়েছি ও অভিযোগ করেছি।’
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা: আনিকা তাসনিম জানান, আলমগীর নামে এক রোগীকে হাসপাতালে নিয়ে আসে তার এলাকার লোকজন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।









