ঢাকা সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সার্কভুক্ত ছয় দেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ও অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে এ সময় ভারত ও আফগানিস্তান অংশ নেয়নি। এদিকে শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন তারা।
শুক্রবার (২৭ জুন) সকাল সোয়া ১০টার দিকে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো: হাবিবুর রহমানের নেতৃত্বে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন।
জানা যায়, শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, পাকিস্তানসহ ছয়টি দেশের সদস্য অংশ নেয়। তবে এতে ভারত ও আফগানিস্তান অংশ নেয়নি।
শ্রদ্ধা নিবেদন শেষে ভুটানের গর্ভনর দাসো পেনজোর জানান, ‘বাংলাদেশের সাথে তাদের সম্পর্ক খুবই ভালো। তারা বীর শহীদদের স্মরণে ফুল দিতে পেরে নিজেদের ভাগ্যবান মনে করছেন।’
এ সময় বাংলাদেশ ব্যাংকের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









