এসএসসির ফলাফলে পাসের হার কমেছে যশোর শিক্ষাবোর্ডে। এ বছর পাস করেছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ। যা গত তিন বছরের চেয়ে কম। ২০২৪ সালে পাসের হার ছিল ৯২ দশমিক ৩৩। তার আগের বছর ২০২৩ সালে ছিল ৮৬ দশমিক ১৭ এবং ২০২২ সালে ছিল ৯৫ দশমিক ১৭ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা বিভাগ থেকে পাওয়া তথ্যানুযায়ী, এ বছর পরীক্ষায় অংশগ্রহণ করে এক লাখ ৩৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী। এরমধ্যে পাস করেছে এক লাখ দু’ হাজার ৩১৯ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪১০ জন।
পরিসংখ্যানে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে ৩৯ হাজার ৮৫৭ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৬ হাজার ১৭৭ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৩৭৪ জন। মানবিক বিভাগ থেকে ৮৩ হাজার ৪৪৪ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৫৩ হাজার ৮৩১ জন পরীক্ষার্থী। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৩৭৪ জন। এছাড়া, বাণিজ্য বিভাগ থেকে পরীক্ষা দিয়েছে ১৫ হাজার ৫৫০ জন। এরমধ্যে পাস করেছে ১২ হাজার ৩১১ জন। এরমধ্যে ৫৫৭ জন পরীক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বোর্ডের সম্মেলন করে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ফলাফল ঘোষণা করেন চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন সচিব প্রফেসর এস এম মাহবুবুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. আব্দুল মতিন, কলেজ পরিদর্শক তৌহিদুজ্জামান, সিনিয়র সিস্টেম এনালিস্ট জাহাঙ্গীর কবির, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) আমিনুল ইসলাম প্রমুখ।
এ বছর দু’টি স্কুল থেকে একজনও পাস করতে পারেনি বলে প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।








