পাঁচ দিনের ব্যবধানে করোনায় দ্বিতীয় মৃত্যু দেখলো সিলেট। গত ২৪ ঘণ্টায় সিলেটে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে চলতি মৌসুমে করোনায় সিলেটে দু’জন মারা গেলেন। এর আগে ২৬ জুন আরেকজন মারা গিয়েছিলেন।

এর সত্যতা নিশ্চিত করে শহীদ শামসুদ্দিন হাসপাতালের আরএমও ডা: মো: মিজানুর রহমান জানান, মারা যাওয়া ব্যক্তি করোনা ছাড়াও দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। তার বয়স হয়েছিল প্রায় ৮০ বছর। তিনি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, একজনের মৃত্যু ছাড়াও গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো একজন। এনিয়ে চলতি মৌসুমে করোনা আক্রান্তের সংখ্যা ২৫ জনে দাঁড়িয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: আনিসুর রহমান বলেন, ‘করোনা ও ডেঙ্গুর ব্যাপারে সারাদেশের তুলনায় সিলেটের সার্বিক পরিস্থিতি এখনো ভালো। চলতি বছরে সিলেটে কোভিড আক্রান্ত হয়ে দু’জন মারা গেছেন। মৃত্যুবরণকারী দু’ ব্যক্তি একদিকে বয়সে বৃদ্ধ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত রোগসহ অন্যান্য রোগে ভুগছিলেন।’

তিনি বলেন, ‘করোনার সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এ ব্যাপারে বিশেষ করে করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হলে যে কেউ যদি নিজ থেকে আইসোলেটেড হয়ে যান তাহলে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা কমে আসবে। বিষয়টি সবার নজর রাখতে হবে।’