কুমিল্লা ও মুরাদনগর প্রতিনিধি
বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, ‘সংস্কার করা ছেড়ে দিয়ে দ্রুত নির্বাচন দিন। সাধারণ মানুষের সংস্কারে কোনো লাভ নেই। মেহনতি কৃষক ও শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে নির্বাচন দরকার। সংস্কারের দায়িত্ব জনপ্রতিনিধির হাতে ছেড়ে দিয়ে আপনি (ড. ইউনূস) দ্রুত নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন।’
শনিবার (৩ মে) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা উমালোচন বিদ্যালয় মাঠে স্থানীয় বাঙ্গরা বিএনপির আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আমি নেতা নই, কামলা। আপনাদের ঋণ পরিশোধ করতে পারব না। আপনারা আমাকে পাঁচ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আমরা সবাই ১৯৭১ সালের স্বাধীনতায় এবং ২০২৪ সালের ৫ আগস্টের স্বাধীনতায় নিহতদের জন্য সুরা ফাতিহা পড়ি। তাদের কারণে আজ এ খোলা মাঠে কথা বলার সুযোগ পেয়েছি।’
মুরাদনগর বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা বিভাগ বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো: মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার, সদস্য সচিব এফ এম তারেক মুন্সি, যুগ্ম আহ্বায়ক তৌফিক আহমেদ মীর, অবসরপ্রাপ্ত মেজর শাহজাহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, মুরাদনগর উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাহমিনা আক্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল ছামাদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুল হাছান প্রমুখ।
জনসভা বিকেল ৪টায় শুরু হলেও দুপুর থেকেই নেতাকর্মীরা মিছিলে মিছিলে সভাস্থলে এসে জমায়েত হন। এ সময় নেতাকর্মীদের নানা শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।





