চট্টগ্রামের মিরসরাইয়ে বাড়িতে বাবার লাশ রেখে পরীক্ষা দিতে গেলেন আবুতোরাব ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জারিন ফিমা।
সোমবার (৭ জুলাই) ফিমার বাবা মো: নুরের জামান হৃদরোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।
নুরের জামান মিরসরাই উপজেলার হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন কেরানি ছিলেন বলে জানা গেছে।
নুসরাতের জেঠাতো ভাই ইমাম উদ্দিন বলেন, ‘আমার চাচাতো বোনের আলিম পরীক্ষা চলছে। আজ ইংরেজি প্রথম পত্র পরীক্ষা। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে আমার চাচা স্ট্রোক করে। দ্রুততম সময়ে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে লাশ বাড়িতে নিয়ে আসি। লাশ বাড়িতে রেখে মিরসরাই লতিফীয়া কামিল মাদরাসার পরীক্ষাকেন্দ্রে যান ফিমা। আজ বিকেল সাড়ে ৩টার দিকে হাইতকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে চাচার জানাজা অনুষ্ঠিত হবে।
তিনি আরো বলেন, ১০ দিন আগে নুরের জামানের বড় ভাই নুরুল মোস্তফাও মারা যান। ১০ দিনের ব্যবধানে আমার বাবা ও চাচাকে হারিয়েছি।









