ফেনীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) উদ্যোগে 'জুলাই জাগরণ' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকালে ফেনী জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের আত্মত্যাগের আকাঙ্ক্ষাকে ধারণ করে সততা ও নিষ্ঠার সাথে নিজ নিজ পেশায় কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
ন্যাশনাল ডক্টরস ফোরাম ফেনী জেলার সভাপতি ডা. মো: শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, নোয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রফেসর ডা. আব্দুল হালিম, ফেনী জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. কামরুজ্জামান, জামায়াতের শহর আমির ইন্জিনিয়ার নজরুল ইসলাম, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সাধারণ সম্পাদক ডা. মোবারক হোসেন দুলাল এবং শহীদ ইশতিয়াক আহমদ শ্রাবণের বাবা নেছার আহমেদ।
আলোচনা সভা শেষে জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি আবদুল হান্নান।





