টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল ইউনিয়নের নতুন কমিটি বাতিলের দাবিতে আয়োজিত বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের কুশপুত্তলিকা দাহ’র প্রতিবাদে সখীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে সখীপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় সখীপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, ‘বাসাইলে কিছু কুচক্রী মহল আমার নেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান ও আমার দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। আপনারা সতর্ক থাকবেন, তাদেরকে প্রতিহত করতে হবে।’ সখীপুরেও বিএনপিকে নিয়ে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে তিনি বক্তব্যে উল্লেখ করেন।

বাসাইলের স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১১ মে রমজান মিয়াকে আহ্বায়ক ও রফিকুল ইসলামকে সদস্য সচিব করে কাশিল ইউনিয়ন বিএনপির ৩১ সদস্যবিশিষ্ট একটি কমিটি অনুমোদন দেয় উপজেলা বিএনপি। এতে ওই ইউনিয়নের বিএনপির নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। তারই পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে বাসাইল ছাতা মসজিদ এলাকায় আয়োজিত এক প্রতিবাদ মিছিলে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।