ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা লেগে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের কুচিয়ামোড়া এলাকায় মাওয়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ হোসেন জানান, ঢাকা থেকে মাওয়ার দিকে যাচ্ছিল মোটরসাইকেলটি। পথিমধ্যে কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি পিকআপকে সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলচালক ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

নিহতের লাশ হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান দেওয়ান আজাদ।