কোরআনের শাসন ব্যতীত চাঁদাবাজ, সন্ত্রাস নির্মূল হবে না মন্তব্য করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির শহীদ মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মুজাহিদসহ দলের শীর্ষ নেতাদের ভারতীয় আধিপত্যবাদের মনোনীত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারকে মেনে নেয়ার চাপ এসেছে। সকল চাপ উপক্ষো করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ দেশপ্রেমে অবিচল ছিল।’
তিনি বলেন, ‘জামায়াত নেতারা ফাঁসি বরণ করেও দেশপ্রেম থেকে এক সুতো সরে আসেনি। যাদের দেশপ্রেম নেই তারাই ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে গেছে। জামায়াতে ইসলামীর কোনো নেতাকর্মী পালিয়ে যায়নি। হাজারো জুলুম-নির্যাতন সহ্য করে জনগণের মাঝেই জামায়াতে ইসলামী ছিল, আছে এবং থাকবে। জনগণই জামায়াতে ইসলামীর সম্পদ।’
সোমবার (২১ এপ্রিল) শাহবাগ পূর্ব থানার গুলিস্তান ওয়ার্ডের উদ্যোগে গণসংযোগ পক্ষ উপলক্ষে গুলিস্তান আহাদ পুলিশ বক্সের সামনে অনুষ্ঠিত দাওয়াতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন রাষ্ট্রের দাবিতে ছাত্র-জনতা জীবন দিয়েছে। স্বাধীনতার ৫৪ বছর পরও মানুষ অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে হচ্ছে কেবলমাত্র মানুষের তৈরি আইনে রাষ্ট্র পরিচালনা করার কারণে। বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন।’
ড. হেলাল বলেন, ‘ছাত্র-জনতা যেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। সেই বাংলাদেশ গঠন সম্ভব কেবলমাত্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে।’
কারাগারে থেকে পুলিশের ১৪ গোষ্ঠী শেষ করার হুমকি নতুন ষড়যন্ত্র উল্লেখ করে তিনি বলেন, ‘যত ষড়যন্ত্রই করুক না কেন ছাত্র-জনতা ঐক্যবদ্ধ হতে সময় লাগবে না। সকল ষড়যন্ত্র ধুলোয় মিশিয়ে দেয়া হবে। এ সময় তিনি প্রশাসনকে দেশ ও জাতির পক্ষে কাজ করার আহ্বান জানান।’
শাহবাগ থানা শূরা ও কর্মপরিষদ সদস্য গুলিস্তান দক্ষিণ ওয়ার্ড সভাপতি মো: ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, শাহবাগ পূর্ব থানা অফিস সম্পাদক মো: মোখলেছুর রহমান জুয়েল।
গুলিস্তান পূর্ব ওয়ার্ডের সভাপতি আসলাম শেখের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মো: রহমতুল্লাহ ফরাজি, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং শ্রম বিভাগের সভাপতি মো: ফারুক হোসেন, থানা শূরা ও কর্মপরিষদ সদস্য এবং ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ড সভাপতি মো: আলী হোসেন সুমন প্রমুখ। এছাড়া ফুলবাড়িয়া পূর্ব ওয়ার্ড সেক্রেটারি মো: আবু তাহের, মো: সেলিম উদ্দিন, মো: খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিকেলে মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দাওয়াতি উপকরণ বিতরণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে গণসংযোগ পক্ষের দাওয়াতি কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় থানা আমির মুতাছিম বিল্লাহ, থানা সেক্রেটারি ইমাম হোসেন, থানা কর্মপরিষদ সদস্য হাফিজুর রহমান, মোহাম্মদ আলী সরকারসহ বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।





