তারিকুল ইসলাম, নাগরপুর (টাঙ্গাইল)

ঢাকায় জাতিসঙ্ঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ আগস্ট) সকালে নাগরপুর সরকারি কলেজ গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ’র উপজেলা শাখা।

মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাগরপুর থানা গেট পর্যন্ত গিয়ে আবারো কলেজ গেটে এসে শেষ হয়। এদিকে মিছিল শুরু হওয়ার আগে কলেজ গেট এলাকায় একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির উপজেলা সভাপতি মুফতি জহিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন নাগরপুর বাজার জামে মসজিদের খতিব মাওলানা রফিকুল ইসলাম, ইত্তেহাদুল ওলামা ওয়াল হুফফাজ নাগরপুরের উপদেষ্টা মাওলানা ইলিয়াস হোসাইন, মাওলানা রফিকুল ইসলাম আমিনী, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা সভাপতি বাবুল হোসেন। সমাবেশে সঞ্চালনা করেন সেক্রেটারি মাওলানা আল হেলাল

সমাবেশে বক্তারা বলেন, ঢাকায় মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

মিছিল ও সমাবেশে হযরত মাওলানা আলী আকবর, মুফতি শহিদুল ইসলাম, মুফতী আব্দুল হাদীসহ নাগরপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।