বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক মাওলানা আব্দুর রহীম বলেছেন, ‘স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় আগামী নির্বাচনে দেশপ্রেমিক শক্তিকে বিজয়ী করতে ময়দানে সবাইকে একযোগে কাজ করতে হবে। জামায়াত ক্ষমতায় গেলে কোনো বিদেশী প্রভুর কথায় দেশ চালাবে না। কোরআন ও সুন্নাহর আলোকে দেশকে পরিচালনা করে কল্যাণ ও সমৃদ্ধশালী করে সামনের দিকে এগিয়ে নিবে।’
শুক্রবার (১৩ জুন) বিকেলে শাহ ওয়ালী উল্লাহ মিলনায়তনে বগুড়া শহর জামায়াতের আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা আব্দুর রহীম বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের বিচার সময়ের দাবি। যেভাবে মানুষ হত্যা করা হয়েছে তার বিচার এ সরকারের অধীনে হওয়া উচিত। দেশের সব সেক্টরে সংস্কার প্রয়োজন। তবে নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রযোজন সেসব সেক্টরে অবশ্যই সংস্কার করতে হবে। অন্যথায় আরেকটি ফ্যাসিস্ট হাসিনা তৈরি হবে।’
বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে ও শহর সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেকের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন শহর জামায়াতের নায়েবে আমির মাওলানা আলমগীর হুসাইন, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, মাওলানা আব্দুল হামিদ বেগ, মাওলানা হেদায়েতুল ইসলাম, অধ্যক্ষ ইকবাল হোসেন প্রমুখ।









