চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে অন্য ট্রাকের ধাক্কায় জামান হোসেন (৩৪) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় মহাসড়কে তিন কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
নিহত জামান হোসেন চট্টগ্রাম জেলার ভূজপুর থানার বাগান বাজার ইউনিয়নের সিকদারবিল গ্রামের মো: আইয়ুবের ছেলে বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চলামান সিএনজি ফিলিং স্টেশন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে ট্রাকে আটকা পড়ে চালক। স্থানীয়রা এবং হাইওয়ে পুলিশ চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার এসআই বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে চালককে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ট্রাকগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে। এছাড়া ওই সময় সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে তা পুলিশের নিয়ন্ত্রণে স্বাভাবিক হয়।









