জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদকে স্মরণে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুলাই) বিকেলে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের শহীদ ডা: মিলন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এনডিএফ জেলা সভাপতি ডা: এম এ হানিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: নোমান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারো স্বাধীনভাবে কথা বলার অধিকার ফিরে পেয়েছি। ১৯৭১ সালে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে লড়াই করে আমরা স্বাধীনতা অর্জন করলেও নানা কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি। ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন বৈষম্যবিরোধী এক নতুন অধ্যায়ের সূচনা করে। শহীদ আবু সাঈদ, ওয়াসিম ও মীর মুগ্ধ ছিলেন সেই আন্দোলনের অন্যতম প্রেরণা। তাদের অবদান জাতি কোনো দিন ভুলতে পারবে না।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা: শাখাওয়াত হোসেন শামীম, ড্যাব ব্রাহ্মণবাড়িয়ার সহ-সভাপতি রহিমা খাতুন শেফালী, এনডিএফ’র সহ-সভাপতি ডা: ফরিদ উদ্দিন, কনসালট্যান্ট ডা: আলমগীর হোসেন ও জামায়াতে ইসলামীর জেলা আইসিটি ও এইচআরডি সম্পাদক রাফিজুর রহমান বাপ্পি। এ সময় সরকারি-বেসরকারি হাসপাতালের চিকিৎসক, নার্সসহ সংশ্লিষ্টরা অংশ নেন।
অনুষ্ঠান শেষে শহীদ আবু সাঈদসহ গণঅভ্যুত্থানের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।









