গোলাম আজম খান, কক্সবাজার অফিস ও রফিক আহমদ, চকরিয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও পথসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়াকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে কক্সবাজার শহর ও চকরিয়া। ভাংচুর করা হয়েছে এনসিপির সমাবেশ মঞ্চ। বাতিল হয়েছে পদযাত্রা।
শনিবার (১৯ জুলাই) দুপুরে কক্সবাজার পাবলিক লাইব্রেরি ময়দানে এনসিপি আয়োজিত সমাবেশে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্যকে কেন্দ্র করে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে।
সমাবেশে নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, ‘আগে শামীম ওসমান ছিলেন নারায়ণগঞ্জের গডফাদার, এখন শুনি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’ এর মাধ্যমে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে ইঙ্গিত করেন।
তিনি আরো অভিযোগ করেন, ‘ঘের ও জমি দখল, চাঁদাবাজি করছে—কক্সবাজারের জনতা এসব মেনে নেবে না। সংস্কারবিরোধীদের রাজপথেই প্রতিরোধ করা হবে।’
এ বক্তব্যে ক্ষুব্ধ হয়ে ওঠে জেলা বিএনপির নেতাকর্মীরা। পাটোয়ারীর বক্তব্যের পর তারা সমাবেশস্থল ত্যাগ করার পর পরই ভাঙচুর চালানো হয় সভাস্থলে। এরপর কক্সবাজার শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা।
একই সময়ে চকরিয়া, রামু ও ঈদগাঁও উপজেলা সদরে এনসিপির পথসভা স্থলেও হামলা চালায় বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ নিয়ে চকরিয়া জুড়ে উত্তেজনা দেখা দেয়। চকরিয়ায় সেনাবাহিনী টহল দেয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এদিকে, এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় নেতাদের পদযাত্রাও বাতিল হয়ে যায়। তারা কক্সবাজারের আর কোথাও পথসভা করতে পারেননি। এ অবস্থায় নিরাপত্তাজনিত কারণে সেনাবাহিনীর পাহারায় এনসিপি নেতাদের গাড়িবহর কক্সবাজার জেলা পার করে দেয়া হয়।
এ ঘটনায় জেলা বিএনপির পক্ষ থেকে নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী কক্সবাজারে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে বলে জানা গেছে।









