ফেনীতে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফারুককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে শহরতলীর লালপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সামছুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

ওসি তিনি জানান, বেশ কিছুদিন ধরে জামাই ফারুককে ধরতে পুলিশ চেষ্টা করছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে লালপোল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি দুপুরে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় সিলোনীয়া মাদরাসা-সংলগ্ন ছালেহ আহম্মদের দোকানের সামনে পেশাগত কাজে ফেনী আসার পথে হামলার শিকার হন ইনকিলাব পত্রিকার প্রতিনিধি ওমর ফারুক। অবৈধ বালু উত্তোলন বিষয়ে খবর প্রকাশ করায় তার ওপর জামাই ফারুক ও তার সহযোগিরা হামলা করেন বলে অভিযোগ তুলে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেন তিনি।