মুন্সীগঞ্জের শ্রীনগরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির অভিযোগে শাওন মাহমুদ (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার জুশুরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। পরে সন্ত্রাসবিরোধী আইনে তাকে গ্রেফতার দেখানো হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেফতার হওয়া শাওন মাহমুদ উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের প্রাণী মণ্ডল এলাকার বাসিন্দা। তিনি মো: শহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে শাওনের একটি পোস্টকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে বৃহস্পতিবার দুপুরে জুশুরগাঁওয়ের এম রহমান কমপ্লেক্সে অবস্থিত তার মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৫ থেকে ৩০ জন নেতাকর্মী জড়ো হন। পরে তারা শাওনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ সময় উপস্থিত কয়েকজন যুবদল কর্মী সাংবাদিকদের জানান, শাওন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর ভাষায় পোস্ট করেন। বিষয়টি জানার পর তারা তাকে খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। তারা এ ধরনের ঘটনার সাথে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার দাবি জানান।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিলটন দত্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় নেতাকর্মীরা শাওনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাকে গ্রেফতার করে। তার ফেসবুক আইডিতে বিভিন্ন সময় সরকার ও রাষ্ট্রবিরোধী পোস্ট পাওয়া গেছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরো জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।