ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।
সোমবার (৭ এপ্রিল) বিকেলে শহরের জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।
এ সময় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলার সহকারী সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস, অফিস সম্পাদক নুর-ই আল নুর মামুন, শহর জামায়াতের আমির অধ্যাপক শামসুজ্জামান, নায়েবে আমির ইসমাইল হোসেন ও শিবিরের শহর সভাপতি আহম্মেদ ইব্রাহিম শামীম।
এছাড়া সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মাইকপট্টি, চিত্রামোড়, আরএন রোড হয়ে মণিহার সিনেমা হল চত্বরে গিয়ে মিছিলটি শেষ হয়। এ সময় কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ গ্রহণ করে।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ফিলিস্তিনে ৫০ হাজার মানুষ হত্যা করে ভয়াবহ বর্বরতার পরিচয় দিয়েছে ইসরাইলি বাহিনী। সেখানে নিরীহ নারী, শিশু এবং বৃদ্ধকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।
জাতিসঙ্ঘ এবং ওআইসির সমালোচনা করে নেতৃবৃন্দ বলেন, এসব সংগঠন যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করতো তাহলে ইসরাইল ফিলিস্তিনিদের ওপর তাদের সন্ত্রাসী তৎপরতা চালাতে পারতো না। ইসরাইলকে সন্ত্রাসী রাষ্ট্র এবং সে দেশের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিশ্বের বড় ঘাতক এবং সন্ত্রাসী উল্লেখ করে গাজায় গণহত্যার ঘটনায় ধিক্কার জানান নেতৃবৃন্দ।
জামায়াত নেতৃবৃন্দ আরো বলেন, মুসলিম উম্মাহকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। সন্ত্রাসী ইসরাইলি জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। তাদের সকল সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে নিবৃত্ত করতে হবে। সমাবেশ থেকে ইসরাইলি সমস্ত পণ্য বয়কটের আহ্বান জানানো হয়।
এদিকে একই ইস্যুতে জজকোর্ট মসজিদের সামনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, প্রেস ক্লাবের সামনে প্যালেস্টাইন সংহতি কমিটি এবং আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে।






