ফেনী সীমান্তে অভিযান চালিয়ে ৬০ লাখ টাকার অবৈধ ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে জেলার ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্তে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার গভীর রাতে জেলার ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৬০ লাখ টাকার ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ি, মোবাইল ডিসপ্লে, চকলেট ও সিরাম জব্দ করা হয়।
এ বিষয়ে ৪ বিজিবি ফেনী ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন,‘সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’









