বগুড়ায় সাজাপ্রাপ্ত আসামির ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া শহরের ঝোপগাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বগুড়া সদর থানার উপ-শহর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান বাসি জানিয়েছেন, এটিএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মানিকুজ্জামান বেলা ১১টার দিকে একটি সাজা ওয়ারেন্ট নিয়ে ফাঁড়ি থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে ঝোপগাড়ি এলাকায় মুরাদুন্নবি নিশান নামের সাজাপ্রাপ্ত আসামিকে দেখতে পান। এসময় পুলিশ দেখে আসামি একটি দোকানে ঢুকে পড়ে।
পুলিশ আসামিকে আটকের সময় দোকান থেকে চাকু নিয়ে আকস্মিক দুই পুলিশ সদস্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় জাহাঙ্গীর আলমের পেটে ও বুকে, কনস্টেবল মানিকুজ্জামানের হাতে ও উরুতে চাকু দিয়ে আঘাত করা হয়েছে।
আহত পুলিশ সদস্যদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। আসামিকে ধরতে অভিযান চলছে।









