বগুড়া সদরের অন্যতম মাদক স্পট চকসূত্রাপুর হরিজন কলোনিতে মাদকবিরোধী ব্লক রেড অভিযান চালিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এ সময় মাদক, অস্ত্র ও নগদ টাকা উদ্ধারসহ ১০ জনকে আটক করা হয়।

বুধবার দিবাগত রাত পৌনে ২টা থেকে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৭টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা যায়, সেনাবাহিনীর বগুড়া সদর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদ সানির তত্ত্বাবধানে প্রায় অর্ধশতাধিক সেনাসদস্য প্রায় ৬ ঘণ্টাব্যাপী এ অভিযায় চালায়। এ সময় প্রায় ২ কিলোমিটার এলাকা ঘিরে শতাধিক বাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় একজন মহিলা মাদককারবারিসহ ১০ জনকে আটক করা গেলেও বড় মাদককারবারিদের আটক করা সম্ভব হয়নি। সেনাবাহিনীর খবর শুনে বাড়ি তালা দিয়ে পালিয়ে যায় তারা।

আরো জানা যায়, সেনাবাহিনী মাদককারবারিদের ঘরের তালা ভেঙ্গে মাদকদ্রব্য উদ্ধার করেন। এ সময় তিন হাজার বোতল বাংলা চোরাই মদ, ১৫০ গ্রাম হেরোইন, ১৫ কেজি গাঁজা, চাপাতি, চাকু, কুড়াল, ধারালো দাসহ ছোট-বড় ৩০টি দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধার মাদকদ্রব্য ও আটক ব্যক্তিদের বগুড়া সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।