ধামরাই (ঢাকা) সংবাদদাতা

খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, সারা বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজুত রয়েছে, খাদ্যের কোনো সমস্যা নেই।

রোববার (৩০ আগস্ট) ঢাকার ধামরাই পৌর শহরের ইসলামপুর এলাকায় স্থাপিত সাধারণ ধারণক্ষমতা ৫০০ ও উচ্চ ধারণক্ষমতাসম্পন্ন ৬৫০ মেট্রিক টন খাদ্যগুদামে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। আকস্মিক পরিদর্শন বিষয়ে তিনি বলেন, সরেজমিনে প্রকৃত চিত্র দেখার জন্য এ পরিদর্শন করেছি।

এ সময় তিনি বলেন, এখানে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ। বাংলাদেশের সাধারণ জনগণের কাছে যে চাল, গম মজুত আছে, সেগুলো আমরা ঠিকমতো সরবরাহ করতে পারব।

সারের বিষয়ে তিনি বলেন, আমাদের সার পর্যাপ্ত মজুত আছে। ডিস্ট্রিবিউশন নিয়ে একটু বিশৃঙ্খলা আছে, তবে সেটাকে আমরা কাটিয়ে উঠতে পারব ইনশাআল্লাহ। সরকারিভাবে ধান-চাল ক্রয়ে সিন্ডিকেটের বিষয়ে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি, তবে এ সিন্ডিকেট থাকবে না, প্রকৃত কৃষক তার ধান-চালের ন্যায্য দাম পাবে।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা-২০ ধামরাই আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দিন, ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, খাদ্যগুদামের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।