নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের টাঙ্গাইল শহর শাখার সভাপতি মীর ওয়াসেদুল হক তানজিলকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২২ মে) দুপুরে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম মাহবুব খান এ রিমান্ড মঞ্জুর করেন।

টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহমেদ বলেন, বুধবার (২১ মে) রাতে ঢাকার উত্তরা দিয়াবাড়ি থেকে তানজিলকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার সাত দিনের রিমান্ড চেয়ে তাকে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতে তোলা হয়। শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক। তানজিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয়টি মামলায় এজাহারভুক্ত আসামি। এর মধ্যে দুটি হত্যা মামলা রয়েছে।

অন্যদিকে, বৃহস্পতিবার আদালতে তোলার সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার হামলার শিকার হন তানজিল। তাকে দেখতে আসা তার মামাতো ভাই শাহেদ আল শাফি আদালতের সামনে মারধরের শিকার হন। একপর্যায়ে তিনি দৌড়ে আদালতের গারদখানায় আশ্রয় নেন। এ সময় আদালত এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়।