কুমিল্লায় সাবেক রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে দলীয় কার্যালয়সহ বিভিন্ন জায়গায় কোরআনখানি ও দোয়ার আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ মে) কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় একটি রেস্তোরাঁয় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর রশিদ ইয়াছিন। এ সময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, যুগ্ম-আহ্বায়ক আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, ‘জিয়াউর রহমান দেশের ক্রান্তিকালে জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তার আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার ব্যক্ত করেন তারা।’
এদিকে আদর্শ সদর উপজেলা ও নগরীর ২৭টি ওয়ার্ডের সকল মসজিদে দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ করা হয়।









